দশম বছরে রোহিঙ্গা সংকট
- আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন। সংকট দশম বছরে প্রবেশ করলেও রাখাইনে চলমান সংঘাতের কারণে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন। যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্যসহ ১৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রোহিঙ্গা সংকট- নয় বছর’ শীর্ষক এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে রোহিঙ্গাদের সহনশীলতা ও সাহসের প্রশংসা করা হয় এবং দীর্ঘদিন আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। তবে রাখাইনে সংঘাত, নিরাপত্তাহীনতা, বেসামরিক স্থাপনায় হামলা এবং মানবিক সহায়তা ও বাণিজ্যে বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
কূটনৈতিক মিশনগুলো জানায়, বর্তমান পরিস্থিতি স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী নয়। এ জন্য মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বাস্তুচ্যুতির মূল কারণ দূর করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরির উদ্যোগ প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে, যাতে তারা নিজ দেশে ফিরে জীবিকা ও সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে কূটনৈতিক মিশনগুলো। একই সঙ্গে রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।




















