দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত
- আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এনএনএ জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতে মাশা আল-মানসৌরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। এ সময় আকাশ থেকে বিস্ফোরকভর্তি কনটেইনার নিক্ষেপের অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া মাজদাল জুন, আল-মানসৌরির উপকণ্ঠ এবং আশপাশের পাহাড়ি এলাকায় ভারী মেশিনগান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়। বেইত ইয়াহুন, হাদাহা ও কউনিন এলাকাতেও একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হামলার সময় দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের টহল অব্যাহত ছিল।
এর আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান, হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষের মধ্যে সংঘাত ও আলোচনার অচলাবস্থার কারণে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়ছে।


























