তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ মুরাদ হাসান অবশেষে দেশ ছেড়েছেন
- আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৭২৫ বার পড়া হয়েছে
তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ মুরাদ হাসান অবশেষে দেশ ছেড়েছেন। শুক্রবার রাত ১টা ২১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তাঁর কোনো সফরসঙ্গী ছিলেন না।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। চেক ইনের পর প্রথমে তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে সাত নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ইকে-৮৫৮৫ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন।
অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। বুধবার তিনি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।























