ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট জানুয়ারিতে!
- আপডেট সময় : ০৩:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আইকাওর অডিটে প্রয়োজনীয় গ্রেড অর্জন করতে পারলে আগামী জানুয়ারি থেকেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ সংকট কাটাতে পর্যায়ক্রমে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে চুক্তি শেষ করে আগামী বছর থেকেই এসব উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, নিউইয়র্ক ও সিডনির মতো গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট চালুর পাশাপাশি উড়োজাহাজের অভাবে বন্ধ থাকা বা কম ফ্রিকোয়েন্সির রুটেও ফ্লাইট বাড়ানো হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দরপত্র ২৫ আগস্ট জমা দেওয়ার কথা রয়েছে। মূল্যায়ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি চুক্তি সই এবং সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিমানবন্দর ও বিমানের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান উন্নয়ন এবং হয়রানি কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। ঈশ্বরদী বিমানবন্দর সম্প্রসারণ করে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

























