ট্রান্সফার গুঞ্জনে নীরবতা ভাঙলেন ভিনিসিয়ুস
- আপডেট সময় : ১২:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ইউরোপের ক্লাব ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি নিয়ে জটিলতার কারণে তাকে ঘিরে জোরালো গুঞ্জন ছড়িয়েছে—রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন তিনি, আর সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় রয়েছে আর্সেনাল। যদিও ভিনিসিয়ুসের এজেন্ট এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, এতদিন এ বিষয়ে নিজেও কোনো মন্তব্য করেননি এই ফরোয়ার্ড।
নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে ক্লাব টেলিভিশনে কথা বলেন ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস। সেখানে দলবদল প্রসঙ্গ এড়িয়ে গিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি নিয়েই ইতিবাচক বার্তা দেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, “সবকিছু খুব ভালো চলছে। নতুন কোচ ও সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি এবং কঠোর পরিশ্রম করছি। মরিনিয়ো চান আমি সব সময়ের মতোই হাসিখুশি, প্রাণবন্ত থাকি এবং নিজের স্বাভাবিক ফুটবল খেলি।”
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, নতুন চুক্তি নিয়ে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা এখনও চলছে। একই সময়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা যাচাই করছে। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১২৮টি গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। আগামী বছর তাকে ফ্রি ট্রান্সফারে হারানোর ঝুঁকি নিতে চায় না স্প্যানিশ জায়ান্টরা।
সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলেছেন ভিনিসিয়ুস। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলেও টুর্নামেন্টে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এখন তার পুরো মনোযোগ নতুন মৌসুমের প্রস্তুতিতে। দলবদল নিয়ে সরাসরি কিছু না বললেও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে ভিনিসিয়ুস বলেন, “আমাদের শারীরিকভাবে ভালোভাবে প্রস্তুত হতে হবে, যাতে পুরো মৌসুমে চোট কম থাকে এবং সবাইকে পাওয়া যায়। আজকের অনুশীলন খুব ভালো হয়েছে। আমরা সবাই ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছি। এখন বিশ্রামের সময়, কারণ বুধবার আবার অনুশীলন আছে। প্রাক-মৌসুম প্রস্তুতি এমনই হয়, আর আমাদের প্রস্তুত থাকতে হবে।”

























