টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা, আগ্রহহীন ৩৬ শতাংশ
- আপডেট সময় : ০৬:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিলে দিন দিন কমছে মানুষের ফুটবল আগ্রহ। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ডাটাফোলহার এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ব্রাজিলের ৩৬ শতাংশ মানুষের এখন ফুটবল নিয়ে কোনো আগ্রহই নেই। ২০২৩ সালের একই জরিপে এই হার ছিল ২৮ শতাংশ। অর্থাৎ, মাত্র তিন বছরে অনাগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে ৮ শতাংশ পয়েন্ট।
বিশ্লেষকদের মতে, জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা, দীর্ঘদিন বড় কোনো শিরোপা না জেতা এবং দলে প্রভাব বিস্তার করতে সক্ষম তারকার অভাব—এসব কারণেই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক ব্রাজিলিয়ান।
সবশেষ ২০২৬ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৯০ সালের পর এবারই প্রথম দলটি এত দ্রুত বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে দর্শকদের মধ্যেও।
বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন পর, ২২ ও ২৩ জুলাই ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভায় ১৬ বছর বা তার বেশি বয়সী ২ হাজার ৪ জনের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপে দেখা যায়, এখনও ৬৪ শতাংশ ব্রাজিলিয়ান ফুটবল অনুসরণ করেন। এর মধ্যে ২৮ শতাংশের আগ্রহ অনেক বেশি, ৩৫ শতাংশের আগ্রহ সীমিত, আর ৩৬ শতাংশের ফুটবলের প্রতি কোনো আগ্রহ নেই।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যানেও পার্থক্য রয়েছে। পুরুষদের ৭৭ শতাংশ ফুটবল অনুসরণ করলেও নারীদের ক্ষেত্রে এ হার ৫২ শতাংশ।
ব্রাজিল সর্বশেষ বড় শিরোপা জিতেছিল ২০১৯ সালের কোপা আমেরিকায়। আর বিশ্বকাপে তাদের শেষ শিরোপা আসে ২০০২ সালে। এরপর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলটি আর শীর্ষে ফিরতে পারেনি। তাই ফুটবলপ্রেমী ব্রাজিলিয়ানদের হারানো আগ্রহ ফিরিয়ে আনতে জাতীয় দলের সাফল্যের বিকল্প নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।


























