জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়েছে পরিবহন খাতে
- আপডেট সময় : ১০:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়েছে পরিবহন খাতে। এরই মধ্যে বাড়ানো হয়েছে ট্রাকভাড়া। সকাল থেকে সড়কে যান চলাচল সীমিত করে বাস মালিক সমিতি দূরপাল্লার এবং নগর পরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে। এদিকে ভাড়া বাড়ানোর উদ্যোগের তীব্র বিরোধিতা করে সাধারণ যাত্রীরা বলেছেন, বাসভাড়া আগে থেকেই বেশী রয়েছে। তার উপর লিটারে ১৫/২০ টাকা দাম বাড়লে যাত্রীপ্রতি কিলোমিটারে ১০ পয়সাও ভাড়া বাড়ে না। এমন অবস্থায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে ভাড়ার বাড়তি চাপ জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।
তেলে দাম বাড়ানোর পর বাস ভাড়া ঠিক করতে বিআরটিএ’র সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। সমিতির পক্ষ থেকে কিলোমিটারে প্রায় দেড় টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব করলেও বিআরটিএ তাতে সায় দেয়নি। তাই সিদ্ধান্ত ছাড়াই ভাড়া নির্ধারণ কমিটির সভা শেষ হয়।
ভাড়া বৃদ্ধির উদ্যোগের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বলছেন, ভাড়া বাড়লে তা তাদের জন্য বড় কষ্টের কারণ হবে।
বাসচালকরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধি ও সংকটের কারণে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, ফলে ভাড়া না বাড়ালে দেখতে হবে লোকসানের মুখ, তাই ভাড়া সমন্বয় জরুরি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাস মালিক সমিতি ৬৪ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি তুললেও, এর বিরোধিতা করে যাত্রী কল্যাণ সমিতি গাণিতিক অনুপাতে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সামাল দিতে ভাড়া সমন্বয় প্রয়োজন হলেও তা যেন সাধারণ মানুষের সহনশীলতার মধ্যেই থাকে এমনটাই প্রত্যাশা সবার।























