জামালপুরে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৩:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে জোড়খালীর কুকুরমারী এলাকার একটি পাটখেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। তিন দিন পর সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।





















