চুয়াডাঙ্গায় রুফটপ সোলার উদ্বুদ্ধকরণ সভা
- আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ‘বিদ্যুৎ সমন্বয় ও রুফটপ সোলার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
সভায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের চাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব। পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বা বিক্রি করার সুযোগ রয়েছে।
তিনি জানান, সৌরবিদ্যুৎ উৎপাদন সূর্যের আলোর ওপর নির্ভরশীল হওয়ায় রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যাটারি সংযোগের প্রয়োজন হতে পারে। একই সঙ্গে দেশে সোলার প্যানেল ও ব্যাটারি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয়ভাবে এসব সরঞ্জাম উৎপাদন করা গেলে ভবিষ্যতে রুফটপ সোলার স্থাপনের ব্যয় আরও কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব।
তিনি পরিবেশবান্ধব এ প্রযুক্তির ব্যবহার বাড়াতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে অব্যবহৃত ছাদগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, পল্লী বিদ্যুৎ চুয়াডাঙ্গা জোনের ডিজিএম জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।























