চাঁদপুরে তিন নদীর মোহনায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবি, ক্ষতি প্রায় কোটি টাকা
- আপডেট সময় : ০২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে তিন নদীর মোহনায় ঘূর্ণি স্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা সুকানিসহ চারজন পানিতে পড়ে গেলেও আশপাশের নৌযান ও মাঝিদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন মূল হেডের মেঘনা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় এইচ এম পরিবহনের একটি মালবাহী ট্রলার। চাঁদপুরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীর মোহনায় পৌঁছালে হঠাৎ তীব্র ঘূর্ণি স্রোতের কবলে পড়ে ট্রলারটি। একপর্যায়ে এটি নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সুকানি আইয়ুব আলীসহ চারজন পানিতে পড়ে যান। পরে আশপাশে থাকা ট্রলার ও নৌকার মাঝিরা তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া চারজনকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলারের মালিক হানিফ বেপারী জানান, প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে ট্রলারটি কিনে সিমেন্ট পরিবহনের ব্যবসা শুরু করেছিলেন তিনি। কিন্তু ঘূর্ণি স্রোতে ট্রলারটি ডুবে যাওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, চাঁদপুর বড় স্টেশন এলাকার এই মোহনা নৌযান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগেও এ এলাকায় যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী ট্রলার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাঁদপুর নৌ পুলিশ। তবে ডুবে যাওয়া ট্রলার ও সিমেন্ট এখনো নদীর তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।



























