চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়া ও হঠাৎ বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের বাইরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ৮ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে। এর আগে মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রথমে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল। পরে নতুন সিদ্ধান্তে বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়।
























