চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি
- আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি পাওয়া গেছে। এ ঘটনায় শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।
মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন এবং মো. জাফরুল্লাহ তানভীর নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে কামরুল হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, ভল্টে টাকা জমা দেওয়ার সময় ১ হাজার টাকার বড় বান্ডিলের মধ্যে ১০০ টাকা বা তার কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল তৈরি করা হতো। ফলে বাইরে থেকে বান্ডিল দেখে ভল্টে পর্যাপ্ত টাকা রয়েছে বলে মনে হলেও প্রকৃত অর্থের পরিমাণ কম থাকত।
এদিকে গ্রেপ্তার হওয়া জাফরুল্লাহ তানভীর ওই অর্থ বিনিয়োগ করে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। খামারটি দেখাশোনার শর্তে তিনি ওই অর্থ বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে খামারটিতে বিভিন্ন জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলে জানা গেছে। ব্যাংকের ভল্টে এত বিপুল অর্থের ঘাটতি কীভাবে হলো এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





















