গণমাধ্যমে গোয়েন্দা চাপ নেই: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গণমাধ্যমের ওপর বর্তমানে কোনো ধরনের গোয়েন্দা চাপ নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে স্বাধীন ও টেকসই গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এম জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম শিল্পকে আলাদাভাবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে সরকার ভাবছে। এই খাতে বিনিয়োগকারীদের টিকিয়ে রাখতে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, গণমাধ্যম ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে। তবে কিছু ক্ষেত্রে মালিকপক্ষের কর ফাঁকির উদ্দেশ্যেও গণমাধ্যম প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগ রয়েছে। এ কারণে খাতটিতে একটি সিন্ডিকেট তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে। পুরো ব্যবস্থাকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা গেলে সাংবাদিকদের বেতন কাঠামো আরও সুসংগঠিত হবে এবং তারা ওয়েজবোর্ডের আওতায় আসার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে টেকসই ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জুলাইয়ের ঘটনাপ্রবাহের মাধ্যমে দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সেই সুযোগ কাজে লাগিয়ে গণমাধ্যমের জন্য আরও স্বাধীন ও কার্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।























