গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি
- আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে সুসংহত করতে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ালেই হবে না, তাদের ক্ষমতায়নের পরিধিও বাড়াতে হবে।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে হলে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে নারীদের ভোটার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়েও এগিয়ে আনতে হবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। নারীকে ভোটার ও প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলোকে ভোটার অনুপাতে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিতে হবে। শুধু আইন করে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়, এ জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, নারীর অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, শুধু পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা নিশ্চিত হবে না। এ জন্য মাঠপর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, নারী ভোটারের অংশগ্রহণ বাড়াতে গ্রামাঞ্চল ও উপকূলীয় এলাকায় বিশেষভাবে কাজ করতে হবে। এসব এলাকায় নারীদের ভোটাধিকার প্রয়োগে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তাহমিদা আহমদ আরও বলেন, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো নির্বাচনে নারীদের অংশগ্রহণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে ভোটারদের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা কম। তাই ভবিষ্যতে নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।



















