ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে ডেভিড বুন
- আপডেট সময় : ১২:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক বেয়ার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী অক্টোবরের শেষদিকে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা পর্যন্ত দায়িত্ব পালন করে চেয়ারম্যান ও পরিচালকের পদ ছাড়বেন তিনি। বিগ ব্যাশ লিগের মালিকানা ও বেসরকারিকরণ পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলমান মতবিরোধের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
সোমবার এক বিবৃতিতে বেয়ার্ড জানান, অনেক চিন্তাভাবনার পর তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সঠিক পথে এগিয়ে নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৩ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেন বেয়ার্ড
সাবেক নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার মাইক বেয়ার্ড ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বোর্ডে কাজ করেছেন। সব মিলিয়ে প্রায় ছয় বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
বেয়ার্ডের বিদায়ের পর অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ওপেনার ডেভিড বুন। ক্রিকেট অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে এই দায়িত্ব পাওয়া সম্মানের বলে জানিয়েছেন বুন।
জাতীয় দলের নির্বাচক এবং রাজ্য ক্রিকেট প্রশাসনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। নতুন দায়িত্বে এসব অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়েছেন তিনি।
বিগ ব্যাশের মালিকানা নিয়ে মতবিরোধ
বেয়ার্ডের পদত্যাগের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে এসেছে বিগ ব্যাশ লিগের আংশিক বেসরকারিকরণ পরিকল্পনা। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে লিগের আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য রয়েছে।
তবে এই পরিকল্পনা নিয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে মতভেদ তৈরি হয়। ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া পরিকল্পনাটির প্রতি সমর্থন জানায়। অন্যদিকে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড এর বিরোধিতা করে।
বিরোধিতার অন্যতম কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেটে স্থানীয় নিয়ন্ত্রণ কমে যাওয়ার আশঙ্কার কথা উঠে এসেছে।
নিজ রাজ্যের সমর্থন হারান বেয়ার্ড
সম্প্রতি সমস্যায় থাকা মেলবোর্ন রেনেগেডসের মালিকানার একটি অংশ বিক্রির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এরপর ক্রিকেট নিউ সাউথ ওয়েলস বেয়ার্ডের প্রতি সমর্থন প্রত্যাহার করে।
অন্যান্য রাজ্য ক্রিকেট সংস্থার সমর্থন থাকলেও নিজ রাজ্যের পূর্ণ সমর্থন ছাড়া চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে যেতে চাননি বেয়ার্ড। ফলে তার পদত্যাগের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলমান বিগ ব্যাশ মালিকানা বিতর্ককে আরও আলোচনায় নিয়ে এসেছে।






















