কুমিল্লায় জমি দখলের চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৫:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর মনোহরপুর এলাকার মনোমিল রানী টাওয়ারে কুমিল্লা জেলা প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জমি দখলের চেষ্টার অভিযোগ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী রত্না রানী শীল। তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর সকালে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়। এ সময় বাধা দিতে গেলে একই এলাকার সাইফুল ইসলাম তোফায়েল নামে এক ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
রত্না রানী শীলের দাবি, ঘটনার সময় তার জেঠু আশিষ চন্দ্র শীল, দাদু নারায়ণ চন্দ্র শীল, সরদার মিজান, পিষীমনি, উত্তমসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
হাসপাতালে চিকিৎসা, ফোন উদ্ধার
হামলায় আহত হওয়ার পর রত্না রানী শীলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরে থানার সহযোগিতায় তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তবে ভুক্তভোগীর অভিযোগ, জমি দখলের চেষ্টার সময় মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ মুছে দেওয়া হয়েছে।
প্রাণনাশের হুমকির অভিযোগ
সংবাদ সম্মেলনে রত্না রানী শীল আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ায় তাদের বাড়িছাড়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার এবং তাদের জমি দখলের চেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবারটি।






















