কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শুরু
- আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার শুরু হয়েছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। ১২ আগস্ট পর্যন্ত চলা এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০ দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষক অংশ নিচ্ছেন।
‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের নয়জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান।
সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক শোভাযাত্রা ও নেপালের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের আয়োজন রয়েছে।
আয়োজকদের মতে, মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বাড়ানো এবং ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সম্মেলনের মূল লক্ষ্য।

























