কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হোটেলের একটি অংশ পুড়ে যায়। আটকা পড়া অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছিল। আতঙ্কে অনেকেই হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সংকীর্ণ। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনাস্থল থেকে মাত্র একটি ভবন পরেই রয়েছে দমকলের কার্যালয়।
পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করছেন। পুলিশ ইতোমধ্যে এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছে। আগুনের সূত্রপাত হোটেলের একটি এসি থেকে হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।




















