ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন হাওড়ের কৃষক
- আপডেট সময় : ০৫:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
উজানের ঢল ও টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন জেলায় লক্ষাধিক হেক্টর জমি প্লাবিত হয়ে হাজার হাজার কৃষক এখন দিশেহারা। আর শ্রমিক সংকট ও আবহাওয়ার কারণে ধান কাটা ও সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে উজানের ঢল ও টানা ভারী বর্ষণে নতুন করে আড়াই হাজার হেক্টরসহ মোট ১২ হাজার ৫২২ হেক্টর বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। জেলার ৮ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রামে। এ পর্যন্ত ৪৯ হাজার ১৫৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শ্রমিক সংকট, জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে, এমনকি কাটা ধানও রোদ না থাকায় নষ্ট হচ্ছে।
সুনামগঞ্জে সুরমাসহ বিভিন্ন নদীর পানি প্রতি ঘণ্টায় বাড়ছে, এতে হাওর রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়লেও তাৎক্ষণিক মেরামত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৫ হাজার ৯১৪ হেক্টর জমির ফসল তলিয়ে প্রায় ৭৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। হাওরে ৭৮ শতাংশ ধান কাটা হলেও শ্রমিক সংকটে বাকি ধান কাটা ব্যাহত হচ্ছে।
হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে বিস্তীর্ণ হাওরের ফসল পানির নিচে তলিয়ে গেছে। রোদের অভাবে মাড়াই করা ধান শুকাতে না পারায় নষ্ট হচ্ছে। প্রাথমিক হিসেবে প্রায় ২০ শতাংশ বোরো জমির ধান নষ্ট হয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ৪৭৬ কোটি টাকা, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।





















