ইয়েমেনে ড্রোন হামলা ও সংঘর্ষে নিহত ২০০ হুথি যোদ্ধা
- আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ইয়েমেনে ভয়াবহ ড্রোন হামলা ও তীব্র সংঘর্ষে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা ও সংঘর্ষে ২০০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের তাইজ প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সানার সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর হুথিদের জন্য এটি অন্যতম বড় ক্ষয়ক্ষতির ঘটনা।
সামরিক ও চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতদের বেশিরভাগই হুথিদের তথাকথিত আল-সামাদ ব্রিগেডের সদস্য। গত দুই দিনে নিহতদের মরদেহ হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে হুথিরা। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তাইজ শহরের পশ্চিমাঞ্চলের আল-বারহ ফ্রন্টে নতুন করে সেনা ও যোদ্ধা পাঠিয়েছে গোষ্ঠীটি। সেখানে বিশেষ বাহিনী, কমান্ডো ও প্রশিক্ষিত সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
হুথিরা নতুন করে যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। সানা, সাদা ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ৮৫০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদের যুদ্ধে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।
সূত্রগুলো জানায়, মুক্তিপ্রাপ্তদের অনেককে যুদ্ধে অংশ নেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়েছে। বিনিময়ে তাদের মামলা প্রত্যাহার বা আইনি জটিলতা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
এ ছাড়া দামার প্রদেশের আরও প্রায় ১ হাজার ৪০০ বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কিছু বন্দিকে হুথি বাহিনীতে যোগদানের বিনিময়ে আর্থিক সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে।




















