ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পুনরায় চালু হচ্ছে কাল
- আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পুনরায় চালু হতে যাচ্ছে কাল। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ ‘এমটি নিনেমিয়া’ দেশে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র এই তেল শোধনাগারটি অপরিশোধিত তেলের অভাবে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ ও এপ্রিলে অপরিশোধিত তেলের কোনো জাহাজ আসতে পারেনি দেশে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজ আসতে না পারায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মজুত কমে আসলে উৎপাদনের গতি কমিয়ে দেয়া হয়। পরে তেলের অভাবে তেল পরিশোধন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সৌদি আরব থেকে আমদানি করা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে জাহাজ এমটি নিনেমিয়া দেশে পৌঁছালে নেমে আসে স্বস্তি।
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধের ঝুঁকি বিবেচনা করে এবার আমদানির ক্ষেত্রে বিশেষ কৌশল নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন- বিপিসি। ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এই তেল সংগ্রহ করা করা হয়। এরপর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভাড়া করা জাহাজটি গত ২১ এপ্রিল ইয়ানবু থেকে যাত্রা শুরু করে সফলভাবে দেশে এসে পৌঁছায়। আগামী ১০ দিনের মধ্যে জাহাজ থেকে তেল খালাসের পুরো প্রক্রিয়া শেষ হবে।
৮টি লাইটার জাহাজের মাধ্যমে এমটি নিনেমিয়া থেকে তেল চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন ডলফিন জেটিতে আনা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পৌঁছাবে ইস্টার্ন রিফাইনারির স্টোরেজ ট্যাংকে। সবকিছু ঠিক থাকলে ৮ মে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম পুনরায় শুরু করার সব প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশের জ্বালানি চাহিদার ৮০ ভাগই সরাসরি পরিশোধিত তেল আমদানির মাধ্যমে পূরণ করা হয়। আর ২০ শতাংশ আসে অপরিশোধিত তেল পরিশোধন করে।

























