ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
- আপডেট সময় : ১১:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, সিক্কা রিজেন্সিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কয়েকটি উপকূলীয় এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ফ্লোরেস দ্বীপের সিক্কা রিজেন্সির প্রধান শহর মাউমেরে বন্দরে একটি ভবনের অংশ ধসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসের সময় আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন।
দেশটির ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এরপর একাধিক আফটারশক অনুভূত হয়।
পূর্ব নুসা তেংগারা, পশ্চিম নুসা তেংগারা এবং দক্ষিণ সুলাওয়েসির বিভিন্ন এলাকায় প্রায় এক মিনিট ধরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
এনদে জেলার একটি হাসপাতাল থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমে একটি ভূমিধসের খবরও প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ বা কোনো অঞ্চলে সুনামির ঝুঁকি নেই।























