আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- আপডেট সময় : ০৪:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।
এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুল পর্যায়ে অ্যাকটিভিটি-ওরিয়েন্টেড মেথমেটিকস চালুর প্রস্তাবেও সম্মতি জানান তিনি।
স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আইইএলটিএসের আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা করা হবে।






















