আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি প্রতিবেদন দিচ্ছে না আজ
- আপডেট সময় : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হবে ৩ জুন। পূর্ব ঘোষণা অনুযায়ী এই প্রতিবেদন আজ জমা দেয়ার কথা ছিলো। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেয়া যায়নি, তাই আজ দেয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।
তিনি আরও বলেন, জানা গেছে এসি ২ ঘণ্টা বন্ধ ছিলো এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিলো না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।
গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ ঘটনায় রমনা থানায় একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
























