আইসিসির ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালটির সঙ্গে বেশিরভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই এসব নিষেধাজ্ঞা কার্যকরের নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।
এবার পুরো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা
প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা পার হওয়ার পর আইসিসির সঙ্গে বেশিরভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্র আইসিসির নির্দিষ্ট কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এবার পুরো প্রতিষ্ঠানটির ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করা হচ্ছে। ফলে এটি ট্রাম্প প্রশাসনের আগের পদক্ষেপগুলোর তুলনায় বড় পরিসরের ব্যবস্থা হতে পারে।
আইসিসির কর্মকর্তাদের ওপর আগের নিষেধাজ্ঞা
এরই মধ্যে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা একটি নির্বাহী আদেশের আওতায় এসব ব্যবস্থা নেওয়া হয়। ওই আদেশে আইসিসির বিচারকার্যকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
এদিকে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর চাপ
২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় সংঘটিত অপরাধের অভিযোগের তদন্তের পর এই পরোয়ানা জারি করা হয়।
এরপর থেকেই আদালটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক পদক্ষেপ দেখা যাচ্ছে। একই সঙ্গে আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্তও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত মাসে আইসিসির প্রেসিডেন্ট ও প্রসিকিউটরের কার্যালয়ের এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় আদালতটি। আইসিসি এসব পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘স্পষ্ট আক্রমণ’ বলে বর্ণনা করে।
সর্বশেষ নিষেধাজ্ঞার আওতায় জাপানের নাগরিক ও আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং সেনেগালের নাগরিক আবদুলায়ে সেইয়ে রয়েছেন। সেইয়ে আইসিসির প্রসিকিউটরের কার্যালয়ের জ্যেষ্ঠ আইনজীবী।






















