অবসরের পথে নেইমার? ৩৪ বছরেই শেষ হতে পারে ফুটবল
- আপডেট সময় : ০৪:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ব্রাজিল জাতীয় দলে নেইমারের অধ্যায়ের সমাপ্তি প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের হয়ে তার পথচলা শেষ। এরপর এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
এবার ফুটবলকেই বিদায় জানানোর সম্ভাবনার কথা জানালেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। মাত্র ৩৪ বছর বয়সেই অবসরের চিন্তা মাথায় এসেছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি নেইমার বলেন, ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই তিনি ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, “আমি জানি না আর কতদিন খেলব। এখনও থামার কথা ভাবছি না, তবে কতদিন চালিয়ে যাব, সেটাও জানি না।”
তিনি আরও বলেন, “ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তি সম্মানের সঙ্গে পূরণ করতে চাই এবং যতটা সম্ভব ভালোভাবে ক্লাবের প্রতিনিধিত্ব করতে চাই। এরপর চুক্তি শেষ হলে ভাবব—সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, নাকি ফুটবলকেই বিদায় জানাব।”
নেইমার ২০০৯ সালে সান্তোসের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে যোগ দেন বার্সেলোনায়, যেখানে কাটান ক্যারিয়ারের সেরা সময়। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে নিয়ে গড়া বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর অংশ হিসেবে বার্সেলোনাকে জেতান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা।
২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন তিনি। ছয় মৌসুম ক্লাবটিতে খেললেও চোটের কারণে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে ২০২০ সালে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন।
২০২৩ সালে সৌদি আরবের আল হিলালে যোগ দিলেও চোটে পড়ে সেখানে মাত্র ছয়টি ম্যাচ খেলতে সক্ষম হন। এরপর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন ব্রাজিলিয়ান তারকা।
এ পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে নেইমার ৬৩৭ ম্যাচে ৩৭৯টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৩৪টি গোল।
ডিসেম্বরে সান্তোসের সঙ্গে তার চুক্তি শেষ হবে। এরপরই হয়তো আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানাবেন নেইমার। সেটি হলে মাত্র ৩৪ বছর বয়সেই পর্দা নামবে আধুনিক ফুটবলের অন্যতম প্রতিভাবান এক তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের।
























