অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
- আপডেট সময় : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
সিসিটিভি ফুটেজে তুহিন
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে ফাহিম নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ চলছে
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং ঘটনার বিস্তারিত জানতে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
২১ ঘণ্টা পর উদ্ধার মরদেহ
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয় কিশোর অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়।
অপ্রতিমের নিখোঁজের খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






















