৮ ডিসেম্বর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা, বদলেছে সূচি
- আপডেট সময় : ০৬:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
নতুন সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে মোট ৪০০ নম্বরে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
এ ছাড়া বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ দুই বিষয়ের পরীক্ষার জন্য সময় থাকবে দেড় ঘণ্টা করে।
এর আগে চলতি বছরের শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আয়োজনের সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা।


























