১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ৭০০ জনকে গুম করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
১৭ বছরে হত্যা ও গুমের অভিযোগ
আইনমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া, বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ৭০০ জনকে গুম করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালে ২০ দিনে নিহত ১ হাজার ৪০০: আইনমন্ত্রী
২০২৪ সালের সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়ে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের অনেকে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
আইনমন্ত্রী বলেন, এত মানুষের প্রাণহানি ও হতাহতের পরও যারা বাংলাদেশে হুমকি দিচ্ছেন এবং আগুন জ্বালাচ্ছেন, তাঁদের কর্মকাণ্ড নির্লজ্জতা ও বেহায়াপনার শামিল।
সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে তাঁরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবেন। পাশাপাশি আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।
এ সময় মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার মতো সহিংস কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দল এসব ঘটনা চেয়ে চেয়ে দেখবে, এমনটি ভাবার কারণ নেই।
এ ছাড়া, ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই পরিস্থিতি আবার ফিরে আসবে—এমন দিবাস্বপ্ন না দেখার আহ্বান জানান তিনি।
মাদক কারবারিদের পক্ষে তদবির না করার আহ্বান
মাদক নিয়ন্ত্রণের বিষয়েও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের নেতাকর্মীরা যেন মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে তদবির না করেন।
ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস এম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন এবং পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সূত্র: বাসস




















