ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নতুন এক ইতিহাসের জন্ম হয়েছে। ১৪৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার একই ইনিংসে পরপর দুই বলে দুই বোলার ৫ উইকেট পূর্ণ করেছেন।
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হয় পাকিস্তান। ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও ওলি রবিনসন এই ধস নামান। দুজনই শিকার করেন ৫টি করে উইকেট, তবে বিশেষত্ব হলো—তাদের ফাইফার এসেছে টানা দুই বলে।
বুধবার (১৯ আগস্ট) টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে খুররাম শেহজাদকে আউট করে ওলি রবিনসন নিজের ৫ উইকেট পূর্ণ করেন। পরের ওভারের প্রথম বলেই মুহাম্মদ আব্বাসকে ফিরিয়ে জশ টাংও স্পর্শ করেন ফাইফারের মাইলফলক।
টেস্ট ইতিহাসে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এর আগে বহুবার ঘটলেও, পরপর দুই বলে দুই বোলারের ফাইফার অর্জনের ঘটনা ছিল অদেখা।
এর আগে ম্যাচের প্রথম বলেই আরেকটি কীর্তি গড়েন রবিনসন। পাকিস্তানের ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউ করে দেশের মাটিতে টেস্ট সিরিজের প্রথম বলেই উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েন তিনি। পরে শান মাসুদকেও (৫) ফেরান এই ইংলিশ পেসার।
মাত্র ৬ রানে দুই উইকেট হারানোর পর ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক ৯১ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ইমাম ৪২ রানে জশ টাংয়ের শিকার হওয়ার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন আব্দুল্লাহ শফিক।
জবাবে প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড ২ উইকেটে ১১২ রান সংগ্রহ করেছে। অধিনায়ক জো রুট ৩৭ ও জর্ডান কক্স ২৩ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখন মাত্র ৫৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।