হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাপকভাবে কমেছে
- আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৮১৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনায় টানা তৃতীয় রাতেও হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাপকভাবে কমে গেছে। আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা উইন্ডওয়ার্ডের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
উইন্ডওয়ার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শুরু হওয়া নতুন উত্তেজনায় ৯ ও ১০ জুলাই অর্থাৎ টানা তৃতীয় রাতের মতো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ১২ ঘণ্টার মধ্যে মাত্র ছয়টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। অথচ কয়েকদিন আগেও একই সময়সীমায় সাধারণত ১৮ থেকে ২২টি জাহাজ চলাচল করত।
উইন্ডওয়ার্ড আরও জানায় যে, জাহাজের নিজের অবস্থান গোপন করার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়ার ‘ডার্ক ট্রানজিট’— এর ব্যবহার বাড়ছে। হরমুজে বর্তমানে চলাচলকারী জাহাজের প্রায় ৪০ শতাংশই এই পদ্ধতি অনুসরণ করছে। যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ। এবং তা বেড়েই চলেছে।



























