হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৯৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র নতুন সামরিক হামলা শুরুর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট। ভোরে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর জানায়, ‘এই মুহূর্ত থেকে অঞ্চলের নিরাপত্তাহীনতার কারণে হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজও অন্তর্ভুক্ত। এই পথে চলা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অপরাধী যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন এবং দেশটির আক্রমণাত্মক সামরিক বাহিনীর পক্ষ থেকে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করা হয়েছে।’ কঠোর সতর্কবার্তায় খাতাম আল-আনবিয়া জানায়, ‘অঞ্চলে আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর যেকোনো আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে।’ এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র নৌবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে তারা হামলা চালিয়েছে।

























