স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : মীর শাহে আলম
- আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী হাসপাতালের বহিঃবিভাগ ও আন্তঃবিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ডা. জুবাইদা রহমান মানবিক মূল্যবোধ ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জন্মদিনে শিশুদের চিকিৎসাসেবা সম্প্রসারণের এই উদ্যোগ প্রশংসনীয়।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।























