সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’
- আপডেট সময় : ০৬:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আগামী সেপ্টেম্বর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে।
তিনি জানান, দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয় ঘটবে এবং সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা এবং ভবিষ্যৎ জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় তৈরির ভিত্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।



























