সালমান হত্যায় তিন কারণে ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
- আপডেট সময় : ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মজিবুর রহমান রোববার (২৩ আগস্ট) রিমান্ডের আবেদন করেন। আবেদনে ডনকে রিমান্ডে নেওয়ার তিনটি কারণ উল্লেখ করা হয়েছে।
সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে তথ্য নিয়ে ঘটনায় জড়িত অন্য আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হতে পারে।
আরও বলা হয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে এবং কার ইন্ধনে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন, সে বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন নির্ধারণ করেন।
এর আগে গত ৯ আগস্ট ভোরে বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে সালমান শাহের স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ব্যক্তিকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিনই রমনা থানায় হত্যা মামলা করা হয়।
মামলার এজাহারে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে মামলায় অভিযুক্ত কেউ মারা গিয়ে থাকলে, প্রমাণ সাপেক্ষে তারা মামলার দায় থেকে অব্যাহতি পাবেন।



























