সালমান শাহ হত্যা মামলায় জজ আদালতেও ডনের জামিন হয়নি
- আপডেট সময় : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।
এর আগে গত ১২ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেও ডনের জামিন আবেদন নাকচ হয়েছিল।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। এ বিষয়ে ডনের উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।
১৯৯৬ সালে মৃত্যু সালমান শাহর
চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি নিয়ে নানা পর্যায়ে তদন্ত হয়েছে এবং বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম আলোচনায় এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। মামলায় অভিনেত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।


























