সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই সার সংকট নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বুধবার (২৬ আগস্ট) রাতে বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার গোডাউন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, সার পরিস্থিতি তদারকি এবং ডিলারদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। এরই মধ্যে কমিটি মাঠপর্যায়ের সার সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেছে।
তিনি জানান, পুরোনো ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ করা হবে—এমন গুজব ছড়িয়ে পড়ায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান অনুমোদিত ডিলাররাই নিয়ম অনুযায়ী সার উত্তোলন ও বিক্রি করতে পারবেন।
প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো ডিলার সার উত্তোলন না করলে কিংবা গুদামে মজুত রেখে বাজারে সরবরাহ বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে চাহিদার তুলনায় প্রায় দেড় গুণ বেশি ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা হবে।
কৃষকদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, বেশি দামে আগাম সার কেনার প্রয়োজন নেই। পর্যাপ্ত মজুত থাকায় স্বাভাবিক নিয়মেই কৃষকরা সার পাবেন।
সার গোডাউন পরিদর্শনের সময় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























