সারাদেশে পাঁচদিন বজ্রসহ বৃষ্টির আভাস
- আপডেট সময় : ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব এবং ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিন সারাদেশেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৯ আগস্ট) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
শুক্রবার, শনিবার ও রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সার্বিকভাবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।





















