সাফ সেমিফাইনাল: পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখাচ্ছে যে পরিসংখ্যান
- আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুই দল। ফাইনালে ওঠাই এখন হামজা চৌধুরীদের মূল লক্ষ্য।
ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের আশাবাদী করছে অতীতের পরিসংখ্যান। কারণ, সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। পাশাপাশি ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে রয়েছে ব্যবধান।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের জয় দুটি। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৯৫ সালে। সেবার জয় পেয়েছিল পাকিস্তান। তবে ১৯৯৯ সালে ৪-০ গোলের বড় জয় নিয়ে জবাব দেয় বাংলাদেশ।
এরপর ২০০৫ সালে করাচিতে সাফ সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৯ ও ২০১১ সালের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়। তবে ২০১৩ সালে ২-১ গোলে জয় পায় পাকিস্তান।
সর্বশেষ ২০১৮ সালে দেখা হয়েছিল দুই দলের। সেবার ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়েও পিছিয়ে পাকিস্তান
শুধু সাফের পরিসংখ্যান নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও এগিয়ে বাংলাদেশ। দুই দলের ১৭ বারের মুখোমুখিতে বাংলাদেশের জয় সাতটি। অন্যদিকে পাকিস্তান জিতেছে ছয় ম্যাচে। বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। বিপরীতে পাকিস্তানের অবস্থান ১৯৭তম। অর্থাৎ র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে হামজার দল।
পাঁচ প্রবাসী ফুটবলার ফেরায় শক্তিশালী পাকিস্তান
তবে পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে পাঁচ প্রবাসী ফুটবলারকে পায়নি দলটি।
তবে সেমিফাইনালের আগে দলে যোগ দিয়েছেন আবদুল্লাহ ইকবাল, ইসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্তি বেড়েছে পাকিস্তানের।
আট বছর পর সেমিফাইনালে পাকিস্তান
দীর্ঘ আট বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এবারসহ মাত্র তৃতীয়বার সেমিফাইনাল খেলছে দলটি।
এর আগে ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় পাকিস্তান। এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেনি তারা। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে ২০২৩ সালের আসরেও সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কুয়েতের গোলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান হামজারা।
ফাইনালের লড়াইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান
শনিবার দিনের প্রথম সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। আগের তিনবারের দেখাতেই ভুটানকে হারিয়েছে ভারত। তবে এবার প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভুটান।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অতীতের পরিসংখ্যান ও ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে হবে বাংলাদেশকে। জয় পেলেই ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে হামজা চৌধুরীর দল।

























