সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্যের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি
নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি। দলটির মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
বর্তমান পরিস্থিতির জন্য গত সাত-আট মাসের ধারাবাহিক ঘটনাকে দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিচারপ্রক্রিয়ায় আপসকামিতাও দেখা গেছে।
এ ছাড়া আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কারকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে জুলাইয়ের ঐক্য প্রতিষ্ঠায় সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের বিষয়গুলো নিশ্চিত করা জরুরি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেই লড়াই এখনো শেষ হয়নি।
তার ভাষ্য, ওই লড়াই ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী না হলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। একই সঙ্গে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এ কারণে রাষ্ট্র সংস্কার অত্যন্ত জরুরি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি
ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী ছিলেন। তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করতে সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় ভারতের ভূমিকা নিয়েও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে। পাশাপাশি একটি স্বৈরাচারী ও গণহত্যাকারী দলকে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে।
নাহিদ ইসলামের মতে, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপির রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি ভূরাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।






















