শর্ত সাপেক্ষে জামিন পেলেন নিক্সন চৌধুরী
- আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬৪২ বার পড়া হয়েছে
শর্ত সাপেক্ষে জামিন পেলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিনের শুনানি শেষে ৮ সপ্তাহের জন্য এ আদেশ দেয় হাইকোর্ট। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এই মামলা করে ইসি।
বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি হয়। জামিন নিতে সকালেই হাইকোর্টে উপস্থিত হন এমপি নিক্সন চৌধুরী। গত ১৫ই অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। জেলার সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসককে হুমকি, অশ্লীল গালিগালাজ ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের সাথে অশোভন আচরণের অভিযোগ ওঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। পরে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। অভিযোগ প্রমাণিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।

























