রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান দেশে পৌঁছেছে। রাশিয়া থেকে যাত্রা করে ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
৯টি ফ্লাইটে আসবে ইউরেনিয়াম
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এর আগে জানিয়েছিলেন, ইউরেনিয়ামবাহী বিমান দেশে পৌঁছানোর পর তা রূপপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।
জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল রয়েছে।
রাশিয়া থেকে এসব জ্বালানি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসবে।
২০২৩ সালে এসেছিল প্রথম জ্বালানি
এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফল হয়েছে। তবে তৃতীয় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। ফলে তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে।
প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানিয়েছেন, এটি বড় কোনো সমস্যা নয়। মূল বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং তৃতীয় ভালভের বিষয়টিও দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন শুরু করার প্রক্রিয়া এগিয়ে যাবে।