রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সংসদ ভবনে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনের নিচতলায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, ভোট গ্রহণের প্রক্রিয়া ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রার্থীদের মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের কার্যক্রম নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে সম্পন্ন হবে। একাধিক প্রার্থী হলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সংসদ সচিবালয়ের সচিব এবং ইসি সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, প্রার্থীরা আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। অন্যদিকে জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে বিএনপির ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন সংসদ সদস্য রয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র ৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩ জনসহ বিভিন্ন দলের আরও ৬ জন সংসদ সদস্য রয়েছেন।






















