রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাতভর চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।
সোমবার বেলগোরোদের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, আহতদের মধ্যে ১৪ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
রুশ কর্মকর্তাদের তথ্যমতে, ইউক্রেন সীমান্তের কাছে ভালুইস্কি জেলার কোলস্কোভো গ্রামের একটি ভবনে হামলার পর আগুন ধরে যায়। এ সময় একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কর্তৃপক্ষের দাবি, চলতি বছরে ইউক্রেনের চালানো অন্যতম বড় হামলার পরের রাতেই সর্বশেষ হামলা চালানো হয়। এর আগে ওই হামলায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে শনিবার রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হন।
রুশ হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহের কারণে এ সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ছে।
অন্যদিকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো।
যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। প্রতিরক্ষা সংস্কার অব্যাহত রাখার দাবিতে প্রেসিডেন্টের কার্যালয়ে একটি পিটিশনও জমা দিয়েছেন তারা।
বিক্ষোভকারীরা আইনপ্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি



























