রবি বোলার হান্টে নিবন্ধন ছাড়াল ২০ হাজার, ১ অক্টোবর খুলনায় ট্রায়াল
- আপডেট সময় : ০৩:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত রবি বোলার হান্টের ট্রায়াল কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল সম্পন্ন হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে খুলনা বিভাগের ট্রায়াল।
‘পারবে তুমিও’ মূলমন্ত্রে আয়োজিত এ প্রতিভা অন্বেষণ কার্যক্রমে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। এবারের আয়োজনে নারী ও পুরুষ—উভয় ক্রিকেটারের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
সিলেট ও বরিশালে নির্বাচিত ২১ বোলার
বরিশাল বিভাগের ট্রায়াল থেকে মোট ৬ জন বোলার নির্বাচিত হয়েছেন। সেখানে অংশগ্রহণকারী তরুণ ক্রিকেটাররা নিজেদের বোলিং দক্ষতা ও প্রতিযোগিতামূলক মানসিকতার প্রমাণ দিয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের ট্রায়াল থেকে নির্বাচিত হয়েছেন ১৫ জন বোলার। তাদের মধ্যে একজন নারী ক্রিকেটারও রয়েছেন। সিলেট পর্বে অংশ নেওয়া পেসারদের মধ্যে সর্বোচ্চ বোলিং গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার।
নারী ক্রিকেটারের নির্বাচিত হওয়া এবারের রবি বোলার হান্টের অন্তর্ভুক্তিমূলক দিকটিও তুলে ধরেছে।
খুলনায় শুরু ট্রায়াল ১ অক্টোবর
সিলেট ও বরিশালের পর এবার খুলনা বিভাগের ক্রিকেটারদের জন্য শুরু হচ্ছে ট্রায়াল। এ পর্ব ঘিরে স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। এরই মধ্যে সিলেট ও বরিশালের ট্রায়ালে স্থানীয় ক্রিকেটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে।
সিলেট দিয়ে শুরু হওয়া ট্রায়াল কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। পুরো ট্রায়াল পর্বে মোট ৮টি মাঠ ব্যবহার করা হবে। খুলনার একই ভেন্যু বরিশাল ও খুলনা—দুই বিভাগের ট্রায়ালের জন্য ব্যবহৃত হচ্ছে। ঢাকায় দুটি পৃথক ট্রায়াল অনুষ্ঠিত হবে। এর ভেন্যু মিরপুর ও পূর্বাচল।
ইবাদত-রিশাদের পথ ধরে নতুন প্রতিভার খোঁজ
বাংলাদেশের ক্রিকেটে প্রতিভা খোঁজার ক্ষেত্রে রবির উদ্যোগ আগেও সাড়া ফেলেছে। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসেন ইবাদত হোসেন। পরে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।
এ ছাড়া ২০১৭ সালের রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। পরবর্তীতে তিনিও জাতীয় দলে নিজের জায়গা করে নেন।
আগের আয়োজনগুলোতে পেসার ও স্পিনারদের জন্য আলাদা কার্যক্রম থাকলেও এবার দুই ধরনের বোলারকেই একই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণেই এবারের আয়োজনের নাম রাখা হয়েছে রবি বোলার হান্ট।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সিলেট ও বরিশালের পর এবার খুলনা পর্ব থেকেও নতুন সম্ভাবনাময় বোলার উঠে আসবে বলে প্রত্যাশা আয়োজকদের।


























