ময়মনসিংহে রাব্বী হত্যার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৬২২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর মাসকান্দায় প্রকাশ্যে কম্পিউটারের দোকানে ঢুকে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল খালেককে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। হত্যাকাণ্ডের প্রায় ৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকা থেকে র্যাব-১৪-এর সিপিএসসির একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আব্দুল খালেকের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে পুলিশ এর আগে জানিয়েছিল, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও তদন্তে এসেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকানে ঢুকে রাব্বীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলেও সেখানে ঢুকে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় রাব্বীকে বাঁচাতে এগিয়ে এসে তার ভাই রিয়াদও হামলায় আহত হন।
নিহত রাব্বী মাসকান্দা এলাকার বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান জানান, গ্রেপ্তার আব্দুল খালেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
























