মেসি-রোনালদোর ট্রফির লড়াই, কে কতটা এগিয়ে
- আপডেট সময় : ১২:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথে গোল ও রেকর্ডের পাশাপাশি শিরোপার হিসাবও দীর্ঘদিন ধরে আলোচনায়। সর্বশেষ ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জয়ের পর মেসির আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টি। অন্যদিকে আল নাসরের হয়ে ২০২৫–২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জেতা রোনালদোর ট্রফি ৩৮টি। ফলে দুই মহাতারকার মধ্যে শিরোপার ব্যবধান এখন ১০টি।
জাতীয় দলের হয়ে মেসির বড় সাফল্য
মেসির ট্রফির তালিকায় বড় পরিবর্তন আসে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক সাফল্যের পর। ২০২১ সালের কোপা আমেরিকা দিয়ে জাতীয় দলের হয়ে বড় শিরোপা জয়ের অপেক্ষা শেষ হয় তার। এরপর ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জেতেন তিনি।
এর সঙ্গে রয়েছে ২০২২ সালের ফিনালিসিমা। এছাড়া ২০০৮ অলিম্পিক ও ২০০৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপাও মেসির সংগ্রহে আছে।
ক্লাব ফুটবলেও এগিয়ে মেসি
বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন ৩৫টি শিরোপা। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে এবং ৪টি চ্যাম্পিয়নস লিগ।
পিএসজির হয়ে তার ট্রফি তিনটি। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে চারটি শিরোপা জিতেছেন মেসি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপের পর সর্বশেষ ক্যাম্পেওনেস কাপও যোগ হয়েছে তার তালিকায়।
তবে মেসির মোট শিরোপা নিয়ে কিছু জায়গায় ৪৯টি হিসাবও দেখা যায়। এর কারণ ২০২৫ সালের ইস্টার্ন কনফারেন্স শিরোপা গণনা করা হবে কি না, তা নিয়ে পার্থক্য রয়েছে। ইন্টার মায়ামি ওই বছর ইস্টার্ন কনফারেন্স জয়ের পাশাপাশি এমএলএস কাপও জিতেছিল।
রোনালদোর শিরোপার হিসাব
রোনালদোর ক্যারিয়ারের বড় অংশ কেটেছে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি জিতেছেন ১০টি শিরোপা। রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি এবং জুভেন্টাসের হয়ে পাঁচটি ট্রফি রয়েছে তার।
স্পোর্টিং লিসবনের হয়ে একটি শিরোপার পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬ এবং দুটি নেশন্স লিগের ট্রফি জিতেছেন রোনালদো।
২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর তার ট্রফির তালিকায় আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ও সৌদি প্রো লিগ যুক্ত হয়েছে।
মেসি ৪৮, রোনালদো ৩৮
আনুষ্ঠানিক শিরোপার হিসাবে মেসির সংগ্রহ ৪৮টি। তার পরেই আছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। তার শিরোপা ৪৩টি। রোনালদোর সংগ্রহ ৩৮টি।
মেসির ৪৮ শিরোপা
- বার্সেলোনা — ৩৫: লা লিগা ১০, কোপা দেল রে ৭, স্প্যানিশ সুপার কাপ ৮, চ্যাম্পিয়নস লিগ ৪, ইউরোপিয়ান সুপার কাপ ৩, ক্লাব বিশ্বকাপ ৩।
- পিএসজি — ৩: ফরাসি লিগ ২, ফরাসি সুপার কাপ ১।
- ইন্টার মায়ামি — ৪: লিগস কাপ ২০২৩, সাপোর্টার্স শিল্ড ২০২৪, এমএলএস কাপ ২০২৫, ক্যাম্পেওনেস কাপ ২০২৬।
- আর্জেন্টিনা — ৬: বিশ্বকাপ ২০২২, কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২, অলিম্পিক ২০০৮, ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০০৫।
রোনালদোর ৩৮ শিরোপা
- স্পোর্টিং লিসবন — ১: পর্তুগিজ সুপার কাপ।
- ম্যানচেস্টার ইউনাইটেড — ১০: প্রিমিয়ার লিগ ৩, চ্যাম্পিয়নস লিগ ১, ক্লাব বিশ্বকাপ ১, এফএ কাপ ১, কমিউনিটি শিল্ড ২, লিগ কাপ ২।
- রিয়াল মাদ্রিদ — ১৬: চ্যাম্পিয়নস লিগ ৪, লা লিগা ২, কোপা দেল রে ২, ক্লাব বিশ্বকাপ ৩, ইউরোপিয়ান সুপার কাপ ৩, স্প্যানিশ সুপার কাপ ২।
- জুভেন্টাস — ৫: সিরি আ ২, কোপা ইতালিয়া ১, ইতালিয়ান সুপার কাপ ২।
- আল নাসর — ২: আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৩, সৌদি প্রো লিগ ২০২৫–২৬।
- পর্তুগাল — ৩: ইউরো ২০১৬, নেশন্স লিগ ২০১৯ ও ২০২৫।





















