মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির অপকৌশল :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির অপকৌশল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল চালিয়ে যাচ্ছে বিএনপি।
সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সব কথা বলেন তিনি। ত্রাণকাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক প্রপাগাণ্ডা হিসেবে প্রচার করা অপরাধ বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থন যোগ্য নয়। এই দুর্যোগের সময়ে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এই ঐক্যে ফাটল ধরানোর উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয় সতর্ক রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও দলীয়ভাবেও সারাদেশের নেতাকর্মীরা প্রায় ১ কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে।

























