মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের
- আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহর ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান।
তিনি বলেন, মক্কায় যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব।
জামায়াত আমির বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মক্কার কাছে ড্রোন ভূপাতিত
এর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি শনাক্ত করা হয়। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়।
পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে বলে জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
মক্কাকে লক্ষ্য করে দ্বিতীয় হামলার চেষ্টা
আল-মালিকি দাবি করেন, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এর একদিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।




















