ভারতকে শেহবাজের হুঁশিয়ারি
- আপডেট সময় : ১২:০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সিন্ধু নদের পানি ইস্যুতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, সিন্ধু নদের পানির প্রতিটি ফোঁটা পাকিস্তানের জন্য ‘রেড লাইন’। দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার ওপর কোনো হুমকি এলে ২০২৫ সালের মে মাসের সংঘাতের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগের দিন ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তান যুদ্ধ নয়, শান্তি চায়। তবে শান্তিকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সবসময় দৃঢ় থাকবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করে, তাহলে ২০২৫ সালের মে মাসের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।”
সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সমালোচনা করে শেহবাজ বলেন, পানির প্রতিটি ফোঁটাই পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ভারত যদি পানির প্রবাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে ইসলামাবাদ সরাসরি জবাব দেবে।
সিন্ধু পানি চুক্তির আওতায় সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি ভাগ করা হয়েছে। পূর্বাঞ্চলের সতলজ, বিয়াস ও রাভি নদীর পানি ভারতের জন্য এবং পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি পাকিস্তানের জন্য নির্ধারিত।
পাকিস্তানের দাবি, ভারত নতুন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করলে এসব নদীতে পানির প্রবাহ কমে যেতে পারে। দেশটির কৃষি খাতের বড় অংশ এসব নদীর পানির ওপর নির্ভরশীল।
২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দেয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং স্বাধীন তদন্তের দাবি জানায়।
এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ে। মে ২০২৫ সালে সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। পাকিস্তান দাবি করে, ওই সংঘাতে তারা ভারতের কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এসব বিষয়ে দুই দেশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
বর্তমানে ভারত-পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। সিন্ধু পানি চুক্তি নিয়ে নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।






















